দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় একটি কারখানার ঝুট ব্যবসা কেন্দ্র করে বিএনপি ও ছাত্রদলের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে এ ঘটনায় উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, কালিয়াকৈর উপজেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ ভান্নারা স্থানীয় একটি কারখানার সঙ্গে চুক্তিভিত্তিক ঝুট ব্যবসা পরিচালনা করছিলেন। এদিন তার কর্মী ও শ্রমিকরা ঝুট আনতে গেলে গাজীপুর জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ফরহাদ হোসেন ও তার সমর্থকরা বাধা দেন। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।
সংঘর্ষ চলাকালে ককটেল বিস্ফোরণ ও ভাঙচুরের ঘটনা ঘটে। বিএনপি নেতা হারুন অর রশিদের একটি গাড়ি ভাঙচুর করা হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই উভয়পক্ষ সরে যায়। পরে ঘটনাস্থল থেকে একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে পুলিশ।
হারুন অর রশিদ অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে তার কাছে চাঁদা দাবি করা হচ্ছিল। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তার কর্মী ও শ্রমিকদের ওপর হামলা চালানো হয়। এতে তার অন্তত ৯ জন কর্মী আহত হয়েছেন এবং কয়েকজনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অন্যদিকে, ফরহাদ হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। তবে তার সমর্থকদের দাবি, সংঘর্ষে তিনিও গুরুতর আহত হয়েছেন।
মৌচাক পুলিশ ফাঁড়ির ইনচার্জ শামীম আক্তার জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এমএস/